মধ্যনগর, (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচি'র আওতায় আয়োজিত ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিশারী মেধাবৃত্তি পরীক্ষায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ওই দিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়।
অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞান ও প্রতিযোগিতামূলক আয়োজন আরও বেশি পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া-লেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজমুল হক, অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সংবাদিকবৃন্দ।
দিশারী ফাউন্ডেশনের পরিচালক সৌদি আরব প্রবাসী মহসীন মিয়া জানান, "হাওর বেষ্টিত পিছিয়ে থাকা শিশু-কিশোরদের মেধা যাচাই ও উৎসাহ-উদ্দীপনা দিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমরা শিক্ষা বিষয়ক এই কার্যক্রমটি ২০১১ সাল থেকে পরিচালনা করে আসছি।" ভবিষ্যতেেও এরকম শিক্ষা মূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন- বৃত্তি পরীক্ষা আনজাম দিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোঃ রিহাব বলেন, “গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে দিশারী ফাউন্ডেশনের এই উদ্যোগ। মেধা বিকাশে দিশারী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।”
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল হান্নান, কেন্দ্র সচিব মো. নুরুল ইসলাম, সহ: কেন্দ্র সচিব মো. আব্দুল মোছাব্বির, হল সুপার মো. রিহাব, সহ: হল সুপার মো. আবুজর। কক্ষ পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব পালন করেন- মো. সালেহ আহমদ, সাইফুর রহমান, মো. অনিক, মো. আলামিন, মোছা. নয়ন মনি, কল্পনা আক্তার, সাইফুন নেসা ও রিমা আক্তার।
উল্লেখ্য, উক্ত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে, যা সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আর সর্বসাধারণকে "দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ" এর পেইজ ও গ্রুপে জানিয়ে দেওয়া হবে।