বান্দরবান প্রতিনিধি : অন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রহমান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আজকের দিনটি আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার দিন। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি ঘটায় না, এটি রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করে, সামাজিক ন্যায্যতা দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দুর্নীতি দমন অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জনগণকে ন্যায়সংগত অধিকার প্রদানে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি।”
পুলিশ সুপার উল্লেখ করেন, দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।