স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সাতক্ষীরার আশাশুনিতে বৃহৎ গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার চাপড়া ব্রিজ এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় শত শত নেতা-কর্মীসহ হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক নেত্রীর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে দোয়া করছেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী। দোয়া মাহফিলে অংশ নিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও বহু মানুষ আসেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মাধ্যমে তার সুস্থতার কামনায় জেলার বিভিন্ন স্থানে আরও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়।