জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বড় সাফল্য পেয়েছে বিএনপি। বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এ ফলকে ‘ভূমিধস বিজয়’ আখ্যা দিয়ে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল চৌধুরী বলেন, ‘সিলেটবাসী তাদের ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন। বিএনপিকে তারা আস্থা ও ভালোবাসার দল হিসেবে বেছে নিয়েছেন। এটি গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার বিজয়। ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির জয় প্রমাণ করে—জনগণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী নেতৃত্ব চান।’
নির্বাচিত সব সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির যোগ্য ও দক্ষ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গণমানুষের যে রায় তাঁরা পেয়েছেন, সেই রায়ের মর্যাদা রাখতে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মনে রাখতে হবে, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো দায়িত্ববোধ। জনগণ যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে।’
ফয়সল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেট বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন—এসব বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, ‘সিলেটের মানুষ যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছেন, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই আস্থার প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে। নির্বাচনের উত্তাপ শেষ, এখন সময় উন্নয়ন ও দায়িত্ব পালনের।’