জাতীয়

যুগ্ম সচিবকে চার ঘণ্টা জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের

যুগ্ম সচিবকে চার ঘণ্টা জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের

আলী আহসান রবি : পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) মাকসুদা হোসেনকে তার নিজের সরকারি গাড়িতে প্রায় চার ঘণ্টা জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছেন তার ব্যক্তিগত চালক। ঘটনার পর চালক পুলিশ হেফাজতে রয়েছে। আউয়াল নামের এই চালক দুই মাস আগে যুগ্ম সচিবের গাড়ি চালানোর দায়িত্ব পান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে যুগ্ম সচিব ধানমন্ডি থেকে পরিকল্পনা কমিশনের উদ্দেশে গাড়িতে রওয়ানা দেন। কিন্তু চালক গাড়িটি পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যে না নিয়ে উত্তরা দিয়াবাড়ি, টঙ্গী ও ভাষানটেক হয়ে সাভারের হেমায়েতপুরে নিয়ে যান। এ সময় যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেন।

সকাল ৯টা ৪০ মিনিটে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইতে গেলে চালক যুগ্ম সচিবের ফোনও কেড়ে নেন। পরে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং বাকি ৬ লাখ টাকার দাবিতে রাজি হলে যুগ্ম সচিব মুক্ত হন।

এ বিষয়ে মাকসুদা হোসেন বলেন, “দুই মাস হলো আমি তার গাড়ি চালাচ্ছি। কিন্তু আজ তিনি আমাকে অফিসে না নিয়ে চার ঘণ্টা জিম্মি করে রাখলেন। আমার ফোনও কেড়ে নেন। তার বিরুদ্ধে আগে মাদক ও রাজনৈতিক দুটি মামলা ছিল। আমি ট্রমার মধ্যে আছি। এখন জিডি করেছি এবং আইনগত পদক্ষেপ নেবো।”

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানিয়েছেন, চালক একজন মাদকাসক্ত এবং কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।