আইন ও বিচার

ডোবা থেকে পিস্তল উদ্ধার, অস্ত্রসহ ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ২ জন দুষ্কৃতিকারী গ্রেফতার

ডোবা থেকে পিস্তল উদ্ধার, অস্ত্রসহ ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ২ জন দুষ্কৃতিকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এসআই আপন কুমার মজুমদার ডিউটি অফিসারের মাধ্যমে খবর পান যে, আড়াইহাজার থানাধীন বাজবী তিনগাঁও এলাকায় স্থানীয়রা অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পরিচয় দেয়—মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা মূলত কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা হলেও বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় অবস্থান করছিল বলে জানা যায়।

তল্লাশির সময় রাব্বির পরিহিত প্যান্টের ডান পাশের পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাব্বি পুলিশকে জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ডোবায় অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।