আলী আহসান রবি : রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাজু (৩৫) ২। রাজন (২২) ৩। মোঃ সোহেল (৪৫) ৪। সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮) ৫। আব্দুর রহমান ভিকি (৩০) ও ৬। সীমা (৪০)।
বংশাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫:৩০ ঘটিকায় রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানা পুলিশ একই দিন রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সাথে জড়িত সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমাকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০১ টি চোরাই বাইসাইকেল ও ৪ টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৮ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বংশাল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা চোরাই বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে ও চোরদের নিকট হতে সংগ্রহ করে বংশাল থানা এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।