আলী আহসান রবি : গতকাল (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দপ্তরে যোগদানের প্রথম দিনেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাতে বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে যান। এসময় বিটিভির মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচারের কার্যক্রম তদারকি করেন।
পরে বিটিভির কর্মকর্তাদের সাথে মন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বাংলাদেশ টেলিভিশনের গুণগত মান উন্নয়নের পরামর্শ দেন এবং একই সাথে বিটিভিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের প্রত্যাশা পূরণে বিটিভির কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বিটিভির মহাপরিচালক মন্ত্রীকে বিটিভির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী এসময় তাঁকে বিটিভির উন্নয়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।